ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব আয়োজন করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখা।
বুধবার (১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে সংগঠনটি।
ফল উৎসবে শিশুদের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ ধরনের ফল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। এছাড়াও সংগঠনটির সভাপতি নাজমুল হাসান, সাধারণ তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গালিব, স্কুল শাখার পরিচালক আজিজুল হকসহ শতাধিক শিশু উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক তানভির আহমেদ বলেন, আমরা সমাজের প্রতিনিধি হিসাবে ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারাবছরই এদের নিয়ে ভাবুক সমাজ।
সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, আমাদের সংগঠন যে শিশুদেরকে নিয়ে কাজ করে, তাদের অধিকাংশই সব ধরনের ফলের সাথে পরিচিত না কিংবা তাদের পরিবার সামর্থ্য নেই প্রতিবছর সব ধরনের ফল কিনে খাওয়ানোর। এই শিশুদের নিয়ে আমাদের এই সংগঠনের ব্যতিক্রমধর্মী আয়োজন।
তিনি আরও বলেন, এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটুখানি হাসি ফুটুক। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।
আরটিভি/এসআর




